মুসলিম লীগের সভায় বক্তারা

ফররুখ বাংলা সাহিত্যকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন

Printed Edition

কবি ফররুখ আহমদের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে গতকাল বুধবার বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী। সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন, তারেক জমির সজীব, শরীফ ইমরাউল ইসলাম মিলন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ডা: হাজেরা বেগম, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, ইঞ্জিনিয়ার ওসমান গণি এবং মামুনুর রশিদ প্রমুখ।

আনোয়ার হোসেন আবুড়ী বলেন, ফররুখ আহমদ ছিলেন বাংলা সাহিত্যে ইসলামী পুনর্জাগরণের কবি। বাংলা সাহিত্যকে তিনি এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছেন। তার কবিতায় ইসলামী ঐতিহ্য, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার, দেশপ্রেম এবং সমাজ সচেতনতার যে শক্তিশালী প্রকাশ ঘটেছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে তার সাহিত্যকর্ম ও আদর্শ তুলে ধরতে হবে।

আলোচনায় বক্তারা বলেন, জাতীয় জীবনে নৈতিকতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনা বিকাশে ফররুখ আহমদের সাহিত্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তার রচনাবলি পাঠ, চর্চা ও গবেষণার মাধ্যমে তরুণ সমাজকে আলোকিত করার আহ্বান জানান তারা।

শেষে কবি ফররুখ আহমদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে দলীয় নেতাকর্মী, সাহিত্যপ্রেমী. বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।