সংসদ ভবনের সামনে শিক্ষিকা হত্যা

সন্দেহভাজন ২ যুবককে আটকের দাবি র‌্যাবের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে অটোরিকশা থেকে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন (৫৫) নিহতের ঘটনায় দু’জনকে আটক করেছে র‌্যাব। গতকাল রোববার সকালে তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। র‌্যাবের দাবি আটককৃত হলো মূল সন্দেহভাজন ছিনতাইকারী মো: মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগী।

গতকাল বিকেলে মোহাম্মদপুরে র‌্যাব-২-এর সদর দফতরে অধিনায়ক নয়মুল হাসান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারের সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ছিনতাই কাজে ওই ৈ মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল।

র‌্যাব বলছে, তাদের নিজস্ব গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতা পনি গাজী ও তার সহযোগী সেড্রিককে আটক করা হয়। মোটরসাইকেলটির মালিক রাকিব নামের এক ব্যক্তি। তাকে জিজ্ঞাসাবাদে সংস্থাটি জানতে পারে, ঘটনার দিন মোটরসাইকেলটি পনি গাজীর হেফাজতে ছিল। নিহত রনজিনার স্বামী আব্দুল মতিনও ঘটনাস্থলে ওই মোটরসাইকেলটি ব্যবহার হয়েছে বলে নিশ্চিত করেছেন। এ দিকে পুলিশের তালিকায় পনি গাজী একজন পেশাদার ছিনতাইকারী। দীর্ঘদিন ধরে রাজধানীর তেজগাঁও, শেরেবাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৩টি মামলা রয়েছে।

গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন চিকিৎসার জন্য স্বামীর সাথে রিকশাযোগে ঢাকার ফার্মগেট এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন।

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বামী আব্দুল মতিন অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীর বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।