জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জীবননগরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার আন্দুলবাড়ীয়ায় নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মাহমুদ হাসান খান বাবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং জেলার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও গণতন্ত্র নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি হবে এবং সেই পরিবেশ থেকেই একটি সুন্দর দেশ গড়ে উঠবে।
সাংবাদিকদের কল্যাণ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো সুবিধা বা ফান্ড থাকলে তা যেন জীবননগরসহ প্রত্যন্ত এলাকায় সুষমভাবে পৌঁছায়- এ দায়িত্ব তিনি নিতে প্রস্তুত। কোনো অঞ্চলে সুযোগ-সুবিধা রেখে অন্য অঞ্চল বঞ্চিত থাকা কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
কৃষি ও শিক্ষাবিষয়ে তিনি বলেন, কৃষিপ্রধান জেলা হওয়া সত্ত্বেও চুয়াডাঙ্গায় একটি পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় নেই, যা দীর্ঘ দিনের দাবি। এ ধরনের প্রতিষ্ঠান স্থাপিত হলে কৃষি উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
দৌলতগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর চালুর বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্মতির মাধ্যমে এ বন্দর কার্যকর করা সম্ভব। সভা শেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে সমর্থন কামনা করেন। মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপির নেতাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



