ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক প্রতিমন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের পাঁচবারের এমপি এবং জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট হারুন-অর-রশিদের জানাজা শেষে দাফন করা হয়েছে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় সর্বস্তরের মানুষের ঢল নামে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় অশ্রুসিক্ত হয়ে ওঠে পুরো এলাকা।
শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে তার লাশ পৌর শহরের শেরপুর কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৃথক দফায় জানাজা অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার নামাজে জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ রাজনৈতিক নেতারা অংশ নেন। পরে মরহুমের প্রতি রাষ্ট্র ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। দাফনের আগে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, রেড ক্রিসেন্ট এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জানাজায় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক মো: আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের এম এ হান্নান এমপি, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এম এ মান্নান এমপি, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাঈদুল হক সাঈদ, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো: আতাউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা নিয়াজুল কারীম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



