ছাত্রদলের মৎস্য অবমুক্তকরণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সরকারি কলেজে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে কলেজ শাখা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান রনির নেতৃত্বে ক্যাম্পাস দীঘিতে এ পোনা মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, যুগ্ম সম্পাদক পারভেজ ভূঁইয়া, জিয়া উদ্দিন পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল ইসলাম, সিফাত হক এবং ছাত্রীবিষয়ক সম্পাদক চুমকি আক্তারসহ অন্য নেতৃবৃন্দ। সভাপতি নোমানুল হক বলেন, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্বনির্ভর অর্থনীতি গড়ার লক্ষ্যে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পুরো কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফেনী অফিস।
শিশু ধর্ষণ ও হত্যায় যাবজ্জীবন
কুমিল্লার বরুড়ায় ৯ বছরের শিশু নাদিয়া সুলতানা ইমুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় আসামি জসিম উদ্দিনকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জয়নাল আবেদীন মাজহারী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ ডিসেম্বর ইমু পরীক্ষা শেষে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরে সন্দেহভাজন প্রতিবেশী জসিমকে আটকে জিজ্ঞাসাবাদ করলে সে তথ্য দেয়। তার দেখানো মতে পার্শ্ববর্তী বাঁশঝাড় থেকে শিশুটির লাশ উদ্ধার হয়। সেখানে ধর্ষণের পর ঘটনা আড়াল করতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় জসিম। বিচার শেষে আদালত এই সাজা দেন। কুমিল্লা প্রতিনিধি।
মাদক ও বাল্যবিয়ে বিরোধী মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করে। কর্মসূচিতে বলদিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর বেগম, ওসি অর্পণ কুমার দাস ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সীমান্তঘেঁষা এ ইউনিয়নটিকে মাদকমুক্ত করতে পুলিশকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে। মাদক বিক্রেতা, সেবনকারী ও শক্তিশালী সিন্ডিকেটের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। সেই সাথে বাল্যবিয়ে ও মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এতে বিভিন্ন পেশার প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা।
সীমান্তে ভারতীয় মালামাল জব্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৭ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনাসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে বিজিবির টহল দল অভিযান চালায়। অভিযানে ৫০ বোতল স্কাফ সিরাপ, ৩০ বোতল মদ, ৩০ গ্রাম হেরোইন, ১০ হাজারেরও বেশি বিভিন্ন ধরনের নিষিদ্ধ ট্যাবলেট, প্রসাধনসামগ্রী ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকা নিরাপদ রাখতে এবং সব ধরনের চোরাচালান ও মাদকের প্রবেশ রোধে বিজিবির সতর্ক অবস্থান ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা।
ইউপি সদস্যকে কুপিয়ে জখম
জয়পুরহাটের ক্ষেতলালে মনোয়ার হোসেন নামের এক ইউপি সদস্যকে প্রকাশ্যে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বটতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত মনোয়ার তুলসীগঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ার হোসেন জানান, জয়পুরহাটে বেগুন বিক্রি করে বাড়ি ফেরার পথে বটতলী বাজারে শরিফুল ইসলাম সুমন নামের এক ব্যক্তি তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। এতে তার কাঁধ, গলা ও হাত মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি দাবি করেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ পরিকল্পিত হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত সুমনকে ফোনে না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি। ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ক্ষেতলাল (জয়পুরহাট) সংবাদদাতা।
নারীসহ ৪ মাদককারবারি গ্রেফতার
নাটোরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারীসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযানে ১৪০ বোতল ফেনসিডিলজাতীয় মাদক, ১৫ লিটার চোলাই মদ ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়। আটকদের আদালতে পাঠানো হয়েছে। সংস্থার উপপরিচালক রিফা রওনক নীতু জানান, গত বুধবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চলে। রাতে শহরের স্টেশন বাজার এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ মোছা: হেলেনা বেগম (৬৪) নামে এক নারীকে আটক করা হয়। বিকেলে চকবৈদ্যনাথ থেকে চোলাই মদসহ সুরজ ও রঞ্জিত নামের দুই যুবককে ধরা হয়। অন্যদিকে, সকালে বড়াইগ্রামের কালিকাপুর গ্রামে ইয়াকুব কবিরাজের বাড়ির আঙিনায় মাটির নিচে পুঁতে রাখা ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। নাটোর প্রতিনিধি।
নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকার তীরনই নদী থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা। মৃত শিশুরা হলো-জগদল গ্রামের আবুল কালামের ছেলে কাউসার আলী (৫) ও জাহিদ হাসানের ছেলে রেহেশান (৪)। পুলিশ ও পরিবার জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলাধুলার একপর্যায়ে শিশু দুটি বাড়ির পাশের নদীপাড়ে চলে যায়। হঠাৎ তারা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য এডিএমের কাছে আবেদন করা হয়েছে। রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা।



