আনসার-ভিডিপির তৎপরতায় যশোরে বাল্যবিবাহ প্রতিরোধ

Printed Edition

যশোর জেলার মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। গত ২৯ আগস্ট সন্ধ্যার দিকে মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের ডাঙ্গামহিষদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আনসার ও ভিডিপি সূত্রে জানা যায়, ডাঙ্গামহিষদিয়া গ্রামের হাবিবুর রহমানের ১৫ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক স্কুলপড়ুয়া মেয়ের সাথে ঝিকরগাছা উপজেলার দৌলতপুর গ্রামের কাদের আলীর ছেলে প্রবাসী মো: হাসান আলীর বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। এই অনৈতিক ও বেআইনি আয়োজনের সংবাদ পেয়ে ১৫ নং কুলটিয়া ইউনিয়ন দলনেতা মো: রবিউল ইসলামের নেতৃত্বে ৮-১০ জন নিবেদিতপ্রাণ আনসার-ভিডিপি সদস্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন এবং দ্রুত সেখানে পৌঁছান।

ঘটনাস্থলে পৌঁছে আনসার-ভিডিপি সদস্যরা উভয় পক্ষের অভিভাবকদের সাথে আলোচনা করেন এবং বাল্যবিবাহের আইনি পরিণতিসহ অপ্রাপ্তবয়স্ক বয়সে বিয়ের ফলে কিশোরীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যৎ জীবনের ওপর এর মারাত্মক ক্ষতিকর প্রভাব সম্পর্কে তাদের বিস্তারিত বোঝান। তাদের আন্তরিক ও দায়িত্বশীল প্রচেষ্টায় উভয় পক্ষ বাল্যবিবাহের আইনগত ঝুঁকি অনুধাবন করে বিয়ের আয়োজন বন্ধ করতে সম্মত হয়।

পরবর্তীতে মেয়ের পরিবারের পক্ষ থেকে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে কোনো অবস্থাতেই বিবাহ দেয়া হবে না মর্মে মুচলেকা ও লিখিত অঙ্গীকার নেয়া হয়।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি আনসার ও ভিডিপি সদস্যদের এই প্রশংসনীয় উদ্যোগ, তাৎক্ষণিক তৎপরতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে তাদের কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।