বিশ্বকাপ একাদশে মেসির সঙ্গী ভোজিনহা

Printed Edition
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখতে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখতে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

ক্রীড়া প্রতিবেদক

যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডার যৌথ আয়োজনে সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর। মেগা আসরটি শেষ হওয়ার তিন দিনপর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফুটবলের নিয়ন্তা সংস্থা (ফিফা)। একাদশে সুযোগ পেয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ফ্রান্সের রদ্রি এবং পুরো আসরে ১০টি গোল করে গোল্ডন বুট জয়ী ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে একাদশে জায়গা পেয়েছেন অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। বিশ্বসেরা একাদশে নেই ব্রাজিলের কেউ ও স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।

ফিফা বিশ্বকাপের শেষ হওয়া টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা পেয়েছেন ছয় দেশের তারকা ফুটবলাররা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি তিনজন করে স্পেন ও ফ্রান্সের। রানার্সআপ আর্জেন্টিনা থেকে আছেন দু’জন। এ ছাড়া আছেন ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে ফুটবলার।

বিশ্বসেরা একাদশটি সাজানো হয়েছে ৪-৩-৩ ফরম্যাশনে। এই দলে গোলবারের নিচে রাখা হয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম আসরে গ্রুপ পর্বে পেরিয়ে ইতিহাস গড়া কেপ ভার্দের শেষ প্রহরী ভোজিনহাকে। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকান দলটির হয়ে দুর্দান্ত সব সেভ করে টুর্নামেন্টের অন্যতম চমক হয়ে উঠেছিলেন তিনি। একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৩৯.৬ শতাংশ ভোটও পেয়েছেন আফ্রিকার পশ্চিম উপকূলে আটলান্টিক মহাসগরে অবস্থিত দ্বীপরাষ্ট্রের গোলরক্ষক ভোজিনহা। রক্ষণভাগে আছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ফ্রান্সের দায়োত উপামেকানো।

মাঝমাঠে স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি। সেমিফাইনালে খেলা ফ্রান্সের হয়ে ৭টি অ্যাসিস্ট করেছেন ওলিসে। অন্য দিকে চলমান বিশ্বকাপের ইংল্যান্ডের হয়ে সাত গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন বেলিংহাম। আক্রমণভাগে আর্জেন্টিনার লিওনেল মেসির সাথে আছেন ফ্রান্স ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে এবং গোলমেশিন হিসেবে খ্যাত নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড। টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পথে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপ্পে। দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬ শতাংশ ভোট পেয়েছেন এই ফরাসি তারকা। অন্য দিকে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন মেসি। পুরো টুর্নামেন্টে করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। আর নরওয়ের বিশ্বকাপযাত্রা শেষ আটে থেমে গেলেও এর মধ্যেই সাত গোল করেন হালান্ড।