এএফপি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেলের দিকে এই ভূকম্পন অনুভূত হয় বলে দেশটির ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি নিশ্চিত করেছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভূপৃষ্ঠের ৯৪ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল ০৬.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১২৬.৯৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা দাভাও ওরিয়েন্টালের গভর্নর জেনিরোসো শহর থেকে প্রায় ১১৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-ও এই প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে প্রায় একই তথ্য দিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, মিন্দানাও দ্বীপের নিকটবর্তী সাগরের তলদেশের ১১২ কিলোমিটার (৬৯.৫ মাইল) গভীরে এই কম্পনটি তৈরি হয়।



