খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি আসনের (২৯৮) জামায়াত প্রার্থী এয়াকুব আলীর ভাড়া বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার রাত ১০টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় এক বিবৃতিতে জেলা জামায়াতের আমির সৈয়দ আব্দুল মোমেন বলেন, খাগড়াছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জেলা পরিষদ অফিসার্স ডরমিটরির পেছনে উন্নয়ন বোর্ড রেস্টহাউজ এলাকায় অবস্থিত জামায়াত প্রার্থীর ভাড়া বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
জেলা জামায়াতের আমির অভিযোগ করেন, আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে পাওয়া আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হবে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



