সমাহার নিয়ে বদলে গেছে ধনবাড়ী হর্টিকালচার সেন্টার

Printed Edition
সমাহার নিয়ে বদলে গেছে ধনবাড়ী হর্টিকালচার সেন্টার
সমাহার নিয়ে বদলে গেছে ধনবাড়ী হর্টিকালচার সেন্টার

হাফিজুর রহমান ধনবাড়ী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ধনবাড়ী হর্টিকালচার সেন্টার গত কয়েক বছরে দেশের উদ্যানতত্ত্ব উন্নয়ন ও কৃষি সম্ভাবনার এক ব্যতিক্রমী মডেলে পরিণত হয়েছে। কৃষিবিদ রাসেল পারভেজ তমালের দূরদর্শী নেতৃত্ব, পরিকল্পনা ও কর্মপ্রচেষ্টায় সরকারি এই প্রতিষ্ঠানটি চারা উৎপাদন কেন্দ্রের গণ্ডি পেরিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত মাতৃবাগান এবং দেশী-বিদেশী ফল, মসলা ও শোভাবর্ধনকারী উদ্ভিদের সমৃদ্ধ সংগ্রহশালায় রূপ নিয়েছে।

দায়িত্ব গ্রহণের পর তিনি সেন্টারটিতে প্রায় ১২৭ প্রজাতির দেশী-বিদেশী মাতৃগাছ সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্যোগ নেন। শুধু আমেরই রয়েছে ৩৮টি উন্নত জাতের মাতৃগাছ, যার মধ্যে বারমাসি কাটিমন, মিয়াজাকি, ব্রুনাই কিং, নাম ডক মাই, গৌড়মতি, রেড পালমারসহ দেশীয় ল্যাংড়া, হাড়িভাঙ্গা ও হিমসাগরের মতো জনপ্রিয় জাত রয়েছে।

সেন্টারের দক্ষিণ-পশ্চিম অংশে গড়ে তোলা হয়েছে মসলাজাতীয় ফসলের মাতৃবাগান। এখানে দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, চুইঝাল, লবঙ্গ, জয়ফল ও অলস্পাইসের মতো মূল্যবান গাছ সংরক্ষিত রয়েছে। এছাড়া পতিত জমি ব্যবহার করে গড়ে তোলা হয়েছে ভিয়েতনামী বারমাসি আঠাবিহীন কাঁঠালের বাগান, যা বর্তমানে ফলন দিচ্ছে।

পুকুরপাড়জুড়ে রয়েছে অ্যাভোকাডোর মাতৃবাগান। পাশাপাশি স্টার অ্যাপেল, ম্যাকাডেমিয়া, রোলেনিয়া, রুবি লংগান, নাশপাতি, এপ্রিকট, কিউই, ডুরিয়ান, মিরাকল বেরিসহ বিভিন্ন বিদেশি ফলের গাছ সেন্টারটিকে করেছে অনন্য। এ ছাড়া অ্যারাবিকা কফি, ড্রাগন ফল, কাশ্মিরি আনার, বিভিন্ন জাতের কমলা-মাল্টা, সিডলেস লিচু, কোকো, এমডি-২ আনারস, জি-৯ কলা ও জাবাটিকাবার মতো উচ্চমূল্যের ফসলও রয়েছে এখানে।

শুধু ফল বা মসলাজাতীয় গাছ নয়, অর্কিড, অ্যাডেনিয়াম, ক্যাকটাস, জিজি প্ল্যান্ট, বনসাই, গন্ধরাজ, পদ্ম, শাপলা, জবা ও টগরসহ বিপুল শোভাবর্ধনকারী উদ্ভিদের সমাহার সেন্টারটিকে দিয়েছে নান্দনিকতা। পাশাপাশি অর্জুন, নিম ও বহেরার মতো ওষুধি গাছও সংরক্ষণ করা হয়েছে।

সেন্টারের নিজস্ব মাতৃগাছ থেকে উৎপাদিত চারা ও কলম সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। ফলে কৃষকরা সহজেই বিশুদ্ধ জাতের চারা সংগ্রহ করতে পারছেন। প্রতি বছর প্রতিষ্ঠানটি প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকা সরকারি রাজস্ব আয় করছে।

এ ছাড়া মাশরুম উৎপাদন, কৃষক ও উদ্যোক্তা প্রশিক্ষণ, মাঠপর্যায়ে প্রদর্শনী স্থাপন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ধনবাড়ী হর্টিকালচার সেন্টার। স্থানীয়দের মতে, কৃষিবিদ রাসেল পারভেজ তমালের নেতৃত্বে প্রতিষ্ঠানটি শুধু একটি সরকারি দফতরের উন্নয়নই নয় বরং এ অঞ্চলের কৃষি, অর্থনীতি ও উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।