নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আবু সুফিয়ান পদত্যাগ করেছেন। সরকারের সাম্প্রতিক কয়েকটি সিদ্ধান্ত, বিচার বিভাগের স্বাধীনতা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করে তিনি গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিয়ান সম্পাদক ও নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারি আনিছুর রহমান আযাদ ও সমিতির নির্বাহী সদস্য মোজাহেদুল ইসলাম।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে জনগণের সেবা করা এবং অর্পিত দায়িত্ব পালন করা তার জন্য গর্বের বিষয় ছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে মৌলিক মতপার্থক্যের কারণে তিনি আর এ দায়িত্বে বহাল থাকতে চান না।
পদত্যাগপত্রে তিনি আরো উল্লেখ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থতা তাকে গভীরভাবে হতাশ করেছে। একইসাথে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার অগ্রগতি না হওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা-সংক্রান্ত বিষয়ে সরকারের অবস্থান নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন।



