ব্লুমবার্গ
রাশিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে পোল্যান্ডের নিজের পারমাণবিক অস্ত্র উন্নয়নের বিষয়টি ভাবা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ক্যারোল নওরোকি। তিনি স্থানীয় টেলিভিশন চ্যানেল পোলস্যাট নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
নওরোকি বলেন, ‘পোল্যান্ড কোনো পারমাণবিক প্রকল্পে যোগ দিক, আমি তার বড় সমর্থক।’ তবে তিনি স্পষ্ট করে বলেন, পোল্যান্ড কবে বা আদৌ নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির কাজ শুরু করবে কি না, তা তিনি এখন বলতে পারছেন না। তিনি আরো বলেন, ‘আমরা এমন একটি দেশ, যা সরাসরি একটি সশস্ত্র সঙ্ঘাতের সীমান্তে অবস্থান করছে। পোল্যান্ডের প্রতি আগ্রাসী ও সাম্রাজ্যবাদী রুশ ফেডারেশনের মনোভাব আমরা জানি।’
নওরোকির এই মন্তব্যের আগে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিখ ম্যার্ৎজ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বলেন, ইউরোপীয় পারমাণবিক প্রতিরক্ষা নিয়ে তিনি ফ্রান্সের সাথে আলোচনা করছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অস্থিরতার মধ্যে তিনি আটলান্টিক-পার সম্পর্ক পুনর্গঠনের আহ্বান জানান।


