ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তানের বিপক্ষে গত মার্চে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ২-১ ব্যবধানে সফরকারীদের হারিয়েছিল টাইগাররা। ওয়ানডে সিরিজের সময় ‘প্রতি ১০০ রানে ১০টি ক্রিকেট কিট’ প্রদানের ঘোষণা দিয়েছিল রবি। সিরিজ চলাকালে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে প্রতি ১০০ রান পূর্ণ হওয়ার সাথে এ সম্পর্কিত বার্তাটি প্রদর্শন করা হয় এবং লাইভ সম্প্রচারেও বিষয়টি উল্লেখ করা হয়। সিরিজ চলাকালে ব্যতিক্রমী এই উদ্যোগটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
‘এবার নতুন স্বপ্ন গড়তে পারবে তুমিও’ শীর্ষক এই উদ্যোগ তরুণ ক্রিকেটারদের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সেই সাথে তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের উৎসাহ প্রদান ও তাদের সম্ভাবনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। সিরিজজুড়ে দুই দলের রান সংখ্যার ভিত্তিতে মোট ৯০টি ক্রিকেট কিট বিতরণের জন্য নির্ধারণ করা হয়। যোগ্য ও সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারদের নির্বাচন করতে সহযোগিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তারই অংশ হিসেবে সম্প্রতি বিসিবি কার্যালয়ে সম্ভাবনাময় এই খেলোয়াড়দের মাঝে ক্রিকেট কিট বিতরণ করা হয়। সম্ভাবনাময় নবীন ক্রিকেটারদের স্বপ্ন পূরণে দেশের ৫০টিরও বেশি ক্রিকেট একাডেমির ৯০ জন ‘ইয়াং টাইগার’-এর হাতে একটি করে ক্রিকেট কিট তুলে দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। অনুষ্ঠানে তাদের হাতে কিট ব্যাগ তুলে দেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, ঘরোয়া ক্রিকেটের এক সময়ের নিয়মিত মুখ শাফাক আল জাবির ও বর্তমান জাতীয় দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন বিসিবি ও রবির প্রতিনিধিরা।



