দীর্ঘমেয়াদি কৌশল বদলাচ্ছে উপসাগরীয় দেশগুলো

Printed Edition

আলজাজিরা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ যেন যত দ্রুত সম্ভব কূটনৈতিক উপায়ে শেষ হয়, তা নিশ্চিত করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উপসাগরীয় দেশগুলো। ‘আরব পারসপেক্টিভস ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা পরিচালক জায়েদন আলকিনানি কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরাকে এই তথ্য জানিয়েছেন।

আলকিনানি বলেন, দীর্ঘমেয়াদে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্কের এক ভিন্ন রূপরেখা দেখা যেতে পারে। ভবিষ্যতের এই রূপান্তরে ইরানের সাথে সম্পর্কের সমীকরণ, আমেরিকার সাথে যোগাযোগের ধরন কিংবা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় নতুন কোনো বহুজাতিক জোট গঠনের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। তার মতে, নতুন এই কৌশলগত ভাবনার অন্যতম মূল লক্ষ্য হবে কিভাবে ইরান ও ইসরাইলের আঞ্চলিক সম্প্রসারণবাদের বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তোলা যায় এবং ওয়াশিংটনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনা যায়। তবে আলকিনানি এও উল্লেখ করেন যে, ভিন্ন আরেকটি পক্ষও রয়েছে যারা কেবল চলমান সংঘাতগুলোর দ্রুত অবসান ঘটিয়ে এই অঞ্চলের পরিস্থিতিকে আগের মতোই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আগ্রহী।