কক্সবাজার অফিস
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে মাঝ আকাশ থেকে ছিটকে পড়ে পর্যটক অক্ষর শৌভিক রায়ের (৩১) মৃত্যুর ঘটনায় অবহেলা ও অপেশাদারিত্বের অভিযোগে হত্যা মামলা হয়েছে।
রোববার বিকেলে নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই মামলা করেন। এতে রাইড পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’-এর মালিক মোহাম্মদ ফরিদকে প্রধান আসামি এবং আরো চার থেকে পাঁচ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে কক্সবাজারের দরিয়ানগর সৈকতে ঘুরতে গিয়ে অক্ষর শৌভিক রায় ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’-এর একটি রাইডে অংশ নেন।
এ সময় উড়ন্ত অবস্থায় দড়ি ছিঁড়ে মাঝ আকাশ থেকে তিনি আছড়ে পড়েন উত্তাল সাগরে। এ ঘটনায় তার মৃত্যু হয়। সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের বোনের আবেদনের ভিত্তিতে মামলা হয়েছে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। এ দিকে মর্মান্তিক এ ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকতকর্মী ও কক্সবাজার পৌরসভার যৌথ অভিযানে ‘ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিং’-এর যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং সৈকতে তাদের নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।



