বাউবিতে নতুন দুই প্রোভিসির দায়িত্ব গ্রহণ

Printed Edition

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন প্রো-ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম। শুক্রবার সকালে তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে ভিসির কাছে যোগদানপত্র পেশ করেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, বাউবি আইন, ১৯৯২-এর ১৪(১) ধারা মোতাবেক আগামী চার বছরের জন্য তাদের এই পদে নিয়োগ দেয়া হয়েছে। যোগদান অনুষ্ঠানে নবনিযুক্ত প্রো-ভিসিদ্বয়কে স্বাগত জানিয়ে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ নিশ্চিতকারী একটি ব্যতিক্রমী ও দেশের তৃতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বর্তমানে সাতটি দেশেও এর শিক্ষা কার্যক্রম বিস্তৃত। নতুন প্রো-ভিসিদের দক্ষতা ও অভিজ্ঞতার যৌথ সমন্বয়ে বাউবিকে অ্যাকাডেমিক ও অবকাঠামোগত উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম, বাউবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইনসহ বিভিন্ন স্কুলের ডিন ও পরিচালকরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত প্রো-ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থানসহ স্নাতক ও স্নাতকোত্তর শেষে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি ঢাবির মার্কেটিং বিভাগের চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

অপর প্রো-ভিসি অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম ঢাবি থেকে পদার্থবিজ্ঞানে উচ্চতর ডিগ্রি শেষে জাপানের হোক্কাইদো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও পোস্ট-ডক্টরাল সম্পন্ন করেন। দূরশিক্ষণ পদ্ধতিতে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এই শিক্ষাবিদ ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করেছেন। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত তিনি বাউবিতে প্রভাষক হিসেবেও কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি ঢাবির হাজী মুহাম্মদ মহসিন হলের প্রাধ্যক্ষ এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শিক্ষা সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সাথে সম্পৃক্ত। বিজ্ঞপ্তি।