লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৪

Printed Edition

আনাদোলু

ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে গতকাল সোমবার ভোরে ইসরাইলের বিমান হামলা ও কামানের শেলের আঘাতে অন্তত চারজন নিহত হয়েছেন। লেবাননের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে যে জেফতা শহরের একটি আশ্রয় কেন্দ্র লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ ছাড়া একটি শিয়া সমাবেশ হলের আশপাশ এলাকা একটি সরকারি স্কুল এবং শহরের প্রাণকেন্দ্রেও ইসরাইলি বাহিনী এই নতুন করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

গত ১৭ এপ্রিল থেকে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইল লেবাননে তাদের এই আগ্রাসন অব্যাহত রেখেছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সঙ্ঘাতের পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত তিন হাজার ৬১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১১ হাজার ৭২ জন। এ ছাড়া ইসরাইলি আগ্রাসনের মুখে এ পর্যন্ত ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন। গত রোববার যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করলে এই উত্তেজনা আরো তীব্র রূপ নেয়। এর জবাবে ইরান উত্তর ইসরাইল লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইসরাইলও ইরানের ওপর কয়েক দফায় বিমান হামলা চালায়।