ঢাবিতে লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি প্রদান

Printed Edition
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ঢাবি ভিসি অধ্যাপক  ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ অতিথিরা : নয়া দিগন্ত
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে ঢাবি ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামসহ অতিথিরা : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চার শিক্ষার্থীকে ‘খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি’ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে রোববার ভিসির অফিস সংলগ্ন সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মো: আবু সাঈদ ও মুত্তাকী বিন আলীকে ২৪ হাজার ৯০৯ টাকা করে এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের মো: মাহমুদুল হক মিলু ও মিথুন ভৌমিককে ২৩ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন, ট্রাস্ট ফান্ডের দাতা ও সংশ্লিষ্ট বিভাগের অনারারি অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বৃত্তির অর্থের পরিমাণের চেয়ে মেধাবী শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেয়াটি বেশি গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার্থীদের ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে এবং আত্মবিশ্বাসী হতে প্রেরণা জোগায়। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের শিক্ষা সহায়তায় এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী তার বাবা-মা মরহুম খোন্দকার লুৎফি রব্বানী ও মরহুমা নাজমুন নেছার স্মৃতি রক্ষার্থে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি এই ট্রাস্ট ফান্ড গঠন করেন। বর্তমানে আট লাখ টাকা মূলধনের এই তহবিলের বিনিয়োগ থেকে প্রাপ্ত লভ্যাংশ দিয়েই প্রতি বছর বিভাগের দুই মেধাবী শিক্ষার্থীকে এই এককালীন বৃত্তি দেয়া হয়। বিজ্ঞপ্তি।