ক্রীড়া ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ পর্যায়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিট বিক্রি এখনো সম্পূর্ণ শেষ হয়নি। ফিফার টিকিট বিক্রয় প্ল্যাটফর্মে আজকের ইংল্যান্ড-ফ্রান্স তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং আগামীকালের ফাইনালের হাজারো টিকিট এখনো পাওয়া যাচ্ছে।
শনিবার মিয়ামিতে অনুষ্ঠিতব্য ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচের জন্য গতকাল সকাল পর্যন্ত ফিফার ওয়েবসাইটে প্রায় ৭ হাজার টিকিট অবিক্রীত ছিল।
এর মধ্যে সাধারণ বিক্রয়ের জন্য এক হাজার ২৪৬টি টিকিট ছিল, যার মূল্য ৮৬৫ মার্কিন ডলার এবং এক হাজার ১২৫ মার্কিন ডলার।
এ ছাড়া ফিফার সরকারি পুনর্বিক্রয় (রিসেল) প্ল্যাটফর্মে আরো পাঁচ হাজার ৮৬৪টি টিকিট তালিকাভুক্ত রয়েছে। সেখানে সর্বনি¤œ মূল্যের ক্যাটাগরি-৩ টিকিটের দাম ৪৫৫ মার্কিন ডলার। এর সাথে ফিফার ১৫ শতাংশ সেবা ফি যুক্ত হবে।
রিসেল প্ল্যাটফর্মে অনেক উচ্চমূল্যের টিকিট মূল ক্রয়মূল্যের চেয়েও কম দামে বিক্রির জন্য রাখা হয়েছে। উদাহরণ হিসেবে, এক হাজার ১২৫ ডলার মূল্যের একটি ক্যাটাগরি-১ টিকিট ৬৫৯ ডলারে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
এ দিকে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার আগামীকালের বিশ্বকাপ ফাইনালের টিকিটও পুরোপুরি শেষ হয়ে যায়নি।
ফিফার সাধারণ বিক্রয় প্ল্যাটফর্মে এখনো সবচেয়ে দামি শ্রেণীর ৩২টি টিকিট অবশিষ্ট রয়েছে। এসব টিকিটের মূল্য ২৯ হাজার ৯৯৫ থেকে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার। উল্লেখযোগ্য বিষয় হলো এগুলো সাধারণ টিকিট; ভিআইপি টিকিট নয়।
এ ছাড়া ফিফার সরকারি রিসেল প্ল্যাটফর্মেও ফাইনালের এক হাজারের বেশি টিকিট বিক্রির জন্য রয়েছে। অনেক টিকিটই মূল মূল্যের কাছাকাছি দামে তালিকাভুক্ত করা হয়েছে। এসব টিকিটের আসল মূল্য ছিল সাত হাজার ৩৮০ মার্কিন ডলার, যার সাথে ফিফার ১৫ শতাংশ ফি হিসেবে অতিরিক্ত এক হাজার ১০৭ ডলার যোগ হবে।
সবচেয়ে আলোচিত বিষয় হলো, ফাইনালের একটি টিকিট রিসেল প্ল্যাটফর্মে ২০ লাখ মার্কিন ডলার (প্রায় ১৫ লাখ ২০ হাজার পাউন্ড) দামে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর সঙ্গে ফিফার ৩ লাখ ডলার (প্রায় দুই লাখ ২৮ হাজার পাউন্ড) সেবা ফিও প্রযোজ্য হবে।
তবে ফিফা জানিয়েছে, পুনর্বিক্রয় প্ল্যাটফর্মে টিকিটের মূল্য নির্ধারণ করেন বিক্রেতারাই। ফলে সেখানে প্রদর্শিত মূল্য প্রকৃত লেনদেনের প্রতিফলন নয় এবং সব টিকিট ওই দামে বিক্রি হবে এমন নিশ্চয়তাও নেই।



