ক্রীড়া ডেস্ক
২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে আর এক দিন বাকি। শিরোপার লড়াইয়ে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচগুলোতে নিজেদের শক্তির জানান দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি পরাশক্তি। স্পেন, ফ্রান্স ও নেদারল্যান্ডস জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করেছে, যা তাদের সমর্থকদের আশাবাদী করে তুলেছে।
মেক্সিকোর পুয়েবলায় অনুষ্ঠিত ম্যাচে স্পেন ৩-১ গোলে হারিয়েছে পেরুকে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে দুর্দান্ত এক শটে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। দ্রুত গোল পাওয়ার পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে লুইস দে লা ফুয়েন্তের দল।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্রেদ্রি। ডান দিক থেকে ফেরান টরেসের বাড়ানো বল সহজেই জালে জড়ান বার্সেলোনা তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে তৃতীয় গোল। ইয়েমেরি পিনুর বিপজ্জনক ক্রস সামলাতে গিয়ে ভুল করেন পেরুর গোলরক্ষক পেদ্রো গালেস, যার ফলেই ব্যবধান ৩-০ হয়ে যায়। ম্যাচের শেষ দিকে জাইরো ভেলেজ পেরুর হয়ে একটি গোল শোধ করলেও স্পেনের জয়ে কোনো প্রভাব পড়েনি।
ম্যাচ শেষে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, ‘ফেবারিট হিসেবে বিবেচিত হওয়া ভালো, কিন্তু সেটি কোনো নিশ্চয়তা দেয় না। আমাদের নিজেদের ওপর বিশ্বাস আছে, তবে বিশ্বকাপে আরো অনেক শক্তিশালী দল রয়েছে।’
স্পেনের হয়ে টানা ছয় ম্যাচে গোল করার কৃতিত্ব গড়েছেন মিকেল ওয়ারজাবাল। বিশ্বকাপেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। অন্য দিকে পেদ্রি জানান, দলের লক্ষ্য এখন বিশ্বকাপে এই ছন্দ বজায় রাখা।
এ দিকে ফ্রান্সও বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছে। লিলে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ফ্রান্স ৩-১ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যাডকে। ম্যাচের নায়ক ছিলেন মাইকেল অলিস। বায়ার্ন মিউনিখের এই তারকা দুর্দান্ত হ্যাটট্রিক করে কোচের আস্থা আরো বাড়িয়েছেন। বিশ্বকাপের আগে আক্রমণভাগে ফ্রান্সের শক্তি যে যথেষ্ট ভয়ংকর, সেটিই আবারো প্রমাণ করলেন অলিসে।
অন্য দিকে নিউ ইয়র্কে অনুষ্ঠিত আরেক ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া উজবেকরা কঠিন পরীক্ষায় ফেলেছিল ডাচদের। তবে দুই পেনাল্টি থেকে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন কোডি গাপকো। উজবেকিস্তানের হয়ে একমাত্র গোল করেন ইগোর সার্গিয়েভ।
বিশ্বকাপের আগে এসব ফলাফল স্পষ্ট করে দিচ্ছে যে, শীর্ষ দলগুলো নিজেদের প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছে। স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইংল্যান্ড ও পর্তুগাল- সবাই আত্মবিশ্বাস নিয়ে নামছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। এখন দেখার বিষয়, প্রস্তুতি ম্যাচের এই ছন্দ বিশ্বকাপের মূল লড়াইয়েও ধরে রাখতে পারে কি না তারা।



