নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচনে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও পেশিশক্তির প্রভাব ঠেকাতে নির্বাচন কমিশনকে কার্যকর কৌশল নেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। একই সাথে তৃণমূল পর্যায় থেকে সৎ, যোগ্য, আমানতদার ও জনবান্ধব প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দিয়েছে দলটি।
মঙ্গলবার রাতে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ‘তৃণমূল প্রার্থী বাছাই কমিটির’ সভায় এসব বিষয় উঠে আসে। দলটির নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে স্থানীয় নির্বাচনে সৎ, যোগ্য ও সমাজবান্ধব মানুষ প্রার্থী হতে ভয় পান। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সৎ ও যোগ্য মানুষদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের খপ্পরে স্থানীয় সরকারব্যবস্থা পড়ে গেছে। এ অবস্থা থেকে উদ্ধার করতে না পারলে তৃণমূলের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়। সভায় তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী বাছাই, প্রার্থীদের যোগ্যতা ও সামাজিক গ্রহণযোগ্যতা যাচাই এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য-সচিব মাওলানা হাসান জুনাইদের পরিচালনায় সভায় যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং আইন বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।



