৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করল এনসিপি

Printed Edition
এনসিপির ছায়া বাজেট প্রকাশ অনুষ্ঠানে নেতারা : নয়া দিগন্ত
এনসিপির ছায়া বাজেট প্রকাশ অনুষ্ঠানে নেতারা : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ করেছে। ‘বাংলাদেশ ২.০ : সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দলটি ১২টি খাতে ৭১টি নীতিগত প্রস্তাব উপস্থাপন করেছে।

গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির ছায়া বাজেট কমিটি এ প্রস্তাবনা প্রকাশ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, কমিটির উপপ্রধান আব্দুল্লাহ আল ফয়সাল, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক সজিব ওয়াহিদ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও সামষ্টিক অর্থনীতি, করকাঠামো সংস্কার, শিক্ষা ও কর্মসংস্থান, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও পরিবেশ, নারী ও যুব উন্নয়ন, সরকারি প্রশাসন, ব্যাংকিং ও মূলধন বাজার, প্রতিরক্ষা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতাসহ ১২টি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এনসিপির প্রস্তাবিত বাজেটের আকার বর্তমান অর্থবছরের তুলনায় ৬২ হাজার ১৫৭ কোটি টাকা বা ৭ দশমিক ৮৭ শতাংশ বেশি। দলটি সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেছে।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের রেখে যাওয়া একটি সঙ্কটাপন্ন অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। দেশে খেলাপি ঋণের হার ৩০ শতাংশের বেশি এবং জ্বালানি আমদানিতে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় হচ্ছে। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের বোঝাও অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের কাছ থেকে আড়াল করতে পরিসংখ্যান বিকৃত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত অর্থনৈতিক সংস্কার উদ্যোগগুলো বিএনপি সরকার অব্যাহত রাখেনি বলেও দাবি করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৬ দশমিক ৭ শতাংশ, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে অন্যতম নিম্ন। একই সাথে ২০১৫ সালের পর সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো পুনর্বিবেচনা না হওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।

সরকার ঘোষিত ১ কোটি ৪০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর জন্য অর্থায়নের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি জ্বালানি খাতে স্বনির্ভরতার রূপরেখা, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দের বিষয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন।

এনসিপির ছায়া বাজেটে ১৩ শতাংশ নামমাত্র প্রবৃদ্ধি ধরে দেশের জিডিপির আকার ৬৮ লাখ ৭০ হাজার ২৬০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মূল্যস্ফীতি ২০২৬-২৭ অর্থবছরে ৮ শতাংশে এবং পরবর্তী অর্থবছরে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চায়, যেখানে ভোক্তা ও উৎপাদক উভয়ের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং করদাতাদের জন্য রাষ্ট্রীয় সেবার মান নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আমরা এমন একটি বাজেট চাই, যা মানুষের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করবে।