যুক্তরাষ্ট্র থেকে আরো বোয়িং কিনছে বাংলাদেশ : সার্জিও গোর

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরো বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর।

এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে তিনি এ কথা উল্লেখ করেন। এতে তিনি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ‘জবস প্রেসিডেন্ট’। তিনি লাখ লাখ উচ্চ বেতনের চাকরি সৃষ্টি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ এবং আমাদের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করছেন। এই সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী আরো একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরো বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে, যা তাদের প্রাথমিক অর্ডার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আমাদের প্রেসিডেন্ট আমেরিকা এবং আমাদের অংশীদারদের আবার মহান করে তুলছেন।

যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তির আওতায় বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ। গত ১ মে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। চুক্তির অধীনে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দু’টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ও চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স কেনা হবে। এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে তিন দশমিক ৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের নভেম্বর এবং বাকিগুলো ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।