লিবিয়ার বন্দিশালায় আরো ১ জনের মৃত্যু

Printed Edition

মাদারীপুর প্রতিনিধি

লিবিয়ার বন্দিশালায় দালালের নির্যাতনে বাংলাদেশী আরো এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর ১৫ দিন আগে একইভাবে মারা যায় আরো দুই যুবক। তাদের সবার বাড়িই মাদারীপুরে। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

বাংলাদেশে কৃষিকাজ করে সংসার চালাতেন ৩০ বছরের যুবক জহিরুল ইসলাম। স্ত্রী-সন্তান নিয়ে সুখেই চলত সংসার। কিন্তু দালালের খপ্পড়ে পড়ে ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে প্রাণ গেল তার।

মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ ধুয়াসার গ্রামের সামচু আকনের ছেলে জহিরুল পাশের এলাকার ধুলগ্রামের মানবপাচারকারী হানিফ মাতুব্বরের ছেলে জাকির মাতুব্বর পাঁচ মাস আগে সরাসারি ইতালি নিয়ে যাওয়ার কথা বলে সৌদিআরব হয়ে লিবিয়ায় নিয়ে যায়। এরপর তাকে সেখানকার একটি বন্দিশালায় আটকে চালানো হয় নির্যাতন।

পরে পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করে ৫০ লাখ টাকা। এরপরও মাফিয়াদের নির্যাতনে জহিরুলের মৃত্যু হয়। ১৫ দিন আগে তার মৃত্যু হলেও বিষয়টি দালালচক্র গোপন রাখলেও লিবিয়ায় বসবাসরত একই গ্রামের কয়েক যুবকের মাধ্যমে পরিবার খবরটি পেয়ে যায়। এই ঘটনায় দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন পরিবার ও এলাকাবাসী।

জহিরুলের স্ত্রী সাথি আক্তার বলেন, ‘আমার স্বামী হত্যার বিচার চাই। আমাদের কাছে থেকে ৫০ লাখ টাকা নিয়েছে, সেই টাকাও ফেরত চাই। সরকারের কাছে আকুতি জানাই আমার স্বামীর লাশটি যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে তাদের সহযোগিতা চাই।’

দালাল জাকিরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশী পারভীন বেগম বলেন, গত রমজান মাসে বাড়ি ছেড়ে চলে যায় জাকিরের পরিবার। এরপর আর কোনো খোঁজই নেই। পরে আমরা জানতে পারছি জাকির বিদেশে লোক পাচার করে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, লিবিয়ার বন্দিশালায় এ নিয়ে তিন যুবক মারা গেছে বলে জানা গেছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, এর আগে একইভাবে নির্যাতনের শিকার হয়ে ডাসার উপজেলার বিনতিলুক এলাকার মৃত সেকেন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার ও কালকিনির দক্ষিণ জনারদন্দি গ্রামের কালাম হাওলাদারের ছেলে ইলিয়াস হাওলাদার মারা যান। এ ছাড়া জহিরুলের সাথে নির্যাতনের শিকার একই উপজেলার মধ্য ধুলগ্রামের সৈয়দ আসলামের ছেলে ইমামুল নিখোঁজ রয়েছে।