ক্রীড়া প্রতিবেদক
একপেশে লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন। ফেরান পরেসের একমাত্র গোলে ১৬ বছর পরে বিশ্বসেরা স্প্যানিশ আর্মাডা। ম্যাচ শেষে উচ্ছ্বাসে মাতেন লামিনে ইয়ামাল, পেদ্রি, পাউ কুবারসিরা। অপর দিকে হতাশায় ভেঙে পড়েন মেসি, ডি পল, সিমিওনেরা। কিন্তু ১২০ মিনিট পর্যন্ত যে এই ম্যাচ গড়াবে তা আশা করা যায়নি। সৌজন্যে একজন ফুটবলার। এমিলিয়ানো মার্টিনেজ।
বিশ্বকাপে খেলতে নেমেছিলেন ভাঙা আঙুল নিয়ে। গোটা টুর্নামেন্টে সেভাবে ছন্দে ছিলেন না। কিন্তু ফাইনালে জাত চেনালেন নিজের। ১১ সেভের পরে ভাঙল গোলের নিচে থাকা দুর্ভেদ্য প্রাচীর। স্পেনের নায়ক হলেন ফেরান টরেস। ট্র্যাজিক হিরো হয়ে থেকে গেলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ।
পুরুষদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি সেভের রেকর্ড ছিল ৯টি। সেই রেকর্ড ভেঙে দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। স্পেনের বিপক্ষে এই ম্যাচে ১১টি সেভ করেছেন ৩৩ বছর বয়সী এই গোলকিপার। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারলেও জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। ম্যাচের প্রথম মিনিট থেকেই লড়াইটা যেন ছিল এমিলিয়ানো বনাম স্পেন। বারবার নিকো, ইয়ামাল, কুকুরেইয়াদের শট বাঁচিয়েছেন। নিশ্চিত গোল থেকে বঞ্চিত করেছেন স্পেনকে। তবু শেষরক্ষা হলো না। এমিলিয়ানোকে পরাস্ত করেন ফেরান টরেস।



