নয়া দিগন্ত ডেস্ক
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন এক বাবা। গাজীপুরের কালিয়াকৈরে উদ্ধার করা হয়েছে এক গার্মেন্ট কর্মকর্তার অর্ধগলিত লাশ। ময়মনসিংহের গফরগাঁওয়ে ধর্ষণের অভিযোগে গ্র্রেফতার হয়েছে এক বৃদ্ধ।
নাগরপুর টাঙ্গাইল সংবাদদাতা জানান, টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা আব্দুর রহিম ভূঁইয়া (৫৫)। তিনি পেশায় একজন ভ্যানচালক। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে ভিকটিমের নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, কোনাবাড়ি গ্রামের ভ্যানচালক আব্দুর রহিম ভূঁইয়া (৫৫) বেলা ১১টার দিকে নিজ ঘরে ভাত খেতে বসে। এ সময় তার মাদকাসক্ত ছেলে অভিযুক্ত মোস্তফা ভূঁইয়া (২২) বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে সে শিলপাথর (নোড়া) দিয়ে বাবার মাথায় উপর্যপরী আঘাত করে। ফলে বাবা আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শিরিন বেগম (৫০) ও বড় মেয়ে সালমা (৩০) জানান, মোস্তফা একজন মানসিক ভারসম্যহীন। মাঝে মধ্যেই বাড়িতে পাগলামী করতো সে। ঘটনার সময় মোস্তফা পাগলামীর একপর্যায়ে কোনো কিছু বুঝে উঠার আগেই শিলপাথর দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এটা নিছক দুর্ঘটনা বলেও দাবি করেন তারা।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মো: আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। এ ছাড়াও তার মস্তিষ্কে সমস্যা ছিল। টাকা-পয়সা নিয়ে বাবার সাথে বাগি¦তণ্ডায় একপর্যায়ে এ দুর্ঘটাটি ঘটে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জহুরুল ইসলাম জানান, ভ্যানচালক রহিম ভূঁইয়াকে তার ছেলে মোস্তফা ভূঁইয়া শিলপাটার পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। হত্যার পর অভিযুক্ত মোস্তফা ভূঁইয়া ঘটনা স্থল থেকে দ্রুত সটকে পরায় তাকে গ্রেফতার করা যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার সোনাতলায় ৩০০ টাকা চুরির সন্দেহে এক রাজমিস্ত্রিকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা শাকিল (৩০) নামে ওই রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জোরগাছা ইউনিয়নের দক্ষিণ বয়ড়া গ্রামে নিজ বাড়ির সামনের বাঁশঝাড়ের নিচে এ ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক ৮টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যু হয়।
নিহত শাকিল দক্ষিণ বয়ড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলম বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে শাকিলের বিরুদ্ধে চুরির সন্দেহ করেন একই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো: ফয়সাল আহমেদ ওরফে ফুল বাবু (২৭) এবং মৃত রাশেদ মিয়ার ছেলে মো: হানিফ মিয়া (১৫)। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তারা শাকিলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত সিএনজিযোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
কালিয়াকৈর(গাজীপুর)সংবাদদাতা জানান, গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের তিন দিন পর এক পোশাক কারখানার কর্মকর্তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গহীন শালবন থেকে শনিবার বিকেলে পুলিশ মশিউর রহমান (৫০) নামের ওই কর্মকর্তার লাশ উদ্ধার করে। নিহত মশিউর রহমান উপজেলার মৌচাক এলাকার জিএস গার্মেন্ট কারখানার জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকার ভাড়া বাসা থেকে মৌচাক এলাকার কর্মস্থলের উদ্দেশে বের হয়ে নিখোঁজ হন মশিউর রহমান। এলাকাবাসী শনিবার সকালে গলাচিপা এলাকার গহীন শালবনে ছাগল চড়াতে গেলে ওই কর্মকর্তার গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। পরে বিষয়টি পুলিশকে জানালে দুপুরে আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের পরিহিত প্যান্টের পকেটে থাকা মোবাইল থেকে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গত শুক্রবার রাতে ধর্ষিতা শিশুর মা বাদি হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত বৃদ্ধকে পুলিশ কান্দিপাড়া বাজার থেকে গ্রেফতার করে।
শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বলে পুলিশ জানান। মামলা এজাহার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের আসা-যাওয়ার পথে ওই শিশুকে প্রায়ই কুপ্রস্তাব দিত কান্দিপাড়া বাজার এলাকার বৃদ্ধ ছমির উদ্দিন। প্রস্তাবে রাজি না হওয়ার গত ২৫ আগস্ট বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে টাকা দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে কান্দিপাড়া বাজারে আশা অফিসের পাশে নিয়ে যায়। পরে সেখানে কলাবাগানে নিয়ে শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে বৃদ্ধ ছমির উদ্দিন। বিষয়টি এলাকায় জানাজানি হলে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাত আলী জানান, শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



