নয়া দিগন্ত ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় হত্যা, লাশ উদ্ধার, গুলিবর্ষণ, ধর্ষণ ও ধর্ষণচেষ্টার একাধিক ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধ থেকে শুরু করে সন্ত্রাসী হামলা, মাদকসংশ্লিষ্ট সহিংসতা, ডাকাতি এবং যৌন সহিংসতার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। একই সময়ে সঙ্ঘবদ্ধ ধর্ষণ, শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অন্তত পাঁচটি অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার ও আটক করেছে, বিভিন্ন থানায় মামলা হয়েছে এবং অধিকাংশ ঘটনার তদন্ত চলছে।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের গফরগাঁও ও হালুয়াঘাটে পৃথক ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। গফরগাঁওয়ে সোমবার গভীর রাতে জন্মদিন উদযাপন শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুর্বৃত্তরা কলেজছাত্র শাকিবুল হাসান মাসুমকে (২৪) কুপিয়ে হত্যা করে। হামলাকারীরা প্রথমে তার চোখে মরিচের গুঁড়া ছুড়ে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তার বন্ধু নাহিয়ান রবিন পালিয়ে প্রাণে বাঁচেন। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মাসুমের মৃত্যু হয়। তিনি স্থানীয় সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে। একই জেলার হালুয়াঘাটে সোমবার বিকেলে পৌর শহরের গরুর বাজার এলাকায় মাদক সেবন নিয়ে বিরোধে হেলাল উদ্দিনকে (৩৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়। পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
লালমনিরহাট প্রতিনিধি জানান, আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী এলাকায় তুচ্ছ ঘটনার জেরে হামলায় লিয়াকত আলী লাদেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের দাসপাড়া এলাকার রকির সাথে বাগি¦তণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে লাদেন গুরুতর আহত হয়। লালমনিরহাট সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও উঠেছে। আদিতমারী থানার ওসি নাজমুল হক জানান, অভিযোগ পাওয়া গেছে; মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বান্দরবান প্রতিনিধি জানান, রুমা উপজেলার গালেঙ্গা ইউনিয়নের জৈতুনপাড়ার জঙ্গল থেকে মঙ্গলবার সকালে মাথায় গুলির চিহ্ন থাকা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ ঘটনায় সন্দেহভাজন ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার জানান, লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। রুমা থানায় মামলা হয়েছে।
হোসেনপুর সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের ডাহুর গোলপুকুরপাড় মাদরাসার কাছে মঙ্গলবার ভোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে গুরুতর আহত আরেক যুবককে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। হোসেনপুর থানার ওসি মে: রাশেদুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি মাছ ব্যবসায়ী হতে পারেন। ধারণা করা হচ্ছে, চলন্ত গাড়ি থেকে তাকে ফেলে গেছে দুর্বৃত্তরা।
গলাচিপা সংবাদদাতা জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া চৌরাস্তার পাশের ডোবা থেকে সোমবার রাত দেড়টার দিকে মাঈনুল খান (৭) নামে এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় মাহফিল শুনতে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। গলাচিপা থানার ওসি মো: ইমতিয়াজ আহম্মেদ জানান, মৃত্যুর কারণ জানা যায়নি; লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, হরিরামপুর উপজেলার মধ্যধুসুরিয়া গ্রামে মঙ্গলবার সকালে মানসিক ভারসাম্যহীন মেয়ে রোকেয়া বেগমের (৬০) হাতে মা রেজিয়া বেগম (৯৫) নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতর বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা করেন রোকেয়া। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন জানান, রোকেয়াকে আটক করা হয়েছে এবং মরদেহ মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, রাঙাবালী উপজেলার চরমোন্তাজে সোমবার সকালে ঘর থেকে তুহিন হাওলাদার (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাবা কারাগারে এবং মা বাবার বাড়িতে থাকায় সে দীর্ঘদিন প্রায় একাই থাকত বলে স্থানীয়রা জানান। চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেলাল হোসেন বলেন, মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
বরগুনা প্রতিনিধি জানান, সদর উপজেলার গৌরীচন্না বাজারসংলগ্ন খাল থেকে সোমবার সকালে শামীম (৪০) নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি হাঁস-মুরগির ব্যবসা ও জমি কেনাবেচার সাথে যুক্ত ছিলেন। রোববার সন্ধ্যায় বাজারে যাওয়ার পর আর ফেরেননি। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম জানান, মাথা উদ্ধারের চেষ্টা চলছে এবং লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
খুলনা ব্যুরো জানায়, পাইকগাছা উপজেলার চাঁদখালী গরুর হাটে রোববার রাতে হাসান ওরফে কিং (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নাজমুল হুদা নামে এক ব্যক্তির নেতৃত্বে তাকে পেটানো হয়। পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, নিহতের বিরুদ্ধে চুরি, মাদক ও মারামারিসহ কয়েকটি মামলা ছিল। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সাভার সংবাদদাতা জানান, সাভার পৌর এলাকার ছায়াবীথি থেকে সোমবার দুপুরে রিয়া মনি (১৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার স্বামী রনি, যিনি সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির পদধারী বলে স্বজনদের দাবি, ঘটনার পর থেকে পলাতক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি জানান, বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে ফারুক হোসেন (২৭) নামে এক রাজমিস্ত্রিকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। তার তলপেট ও হাঁটুতে গুলি লাগে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও ডা: রাজীব আহমেদ চৌধুরী জানান, তার অবস্থা স্থিতিশীল। বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
কালীগঞ্জ সংবাদদাতা জানান, ঝিনাইদহের কালীগঞ্জে মঙ্গলবার দুপুরে টাকা ধার দেয়ানেয়া নিয়ে বিরোধে ভাতিজা এরশাদ আলীর ঘুষি ও লাঠির আঘাতে চাচা নিয়ামত আলী (৪৫) নিহত হয়েছেন। কালীগঞ্জ থানার তদন্ত ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে; পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
নাটোর প্রতিনিধি জানান, নাটোর আধুনিক সদর হাসপাতালে দুই বছরের মেয়ের চিকিৎসা করাতে এসে অবস্থানরত এক নারীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের তিন আউটসোর্সিং কর্মী অমিত, অনিল ও প্রাঙ্গণকে আটক করেছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, রোববার রাতে ওষুধ দেয়ার কথা বলে ওই নারীকে ষষ্ঠ তলার সিঁড়িঘরে নিয়ে যৌন নির্যাতন করা হয় এবং অপর দুইজন ভিডিও ধারণ করে। নাটোর সদর থানার ওসি মো: মনসুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চকরিয়া সংবাদদাতা জানান, কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় প্রবাসীর স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার গভীর রাতে ৮-১০ জন মুখোশধারী ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে। পরে মা-মেয়েকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।
চিতলমারী সংবাদদাতা জানান, বাগেরহাটের চিতলমারীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে পরিমল ভক্তকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির বাবা বাদি হয়ে মঙ্গলবার মামলা করেন। ওসি অপারেশন রোকেয়া খানম জানান, আসামিকে আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই সংবাদদাতা জানান, ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে সাত বছরের শিশুকে চানাচুর কিনে দেয়ার প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগে রুবেল নামে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
ঘিওর সংবাদদাতা জানান, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত ৬ জুন রাতে ঘিওরের নিলুয়া মোড় থেকে দম্পতিকে পাটক্ষেতে নিয়ে স্বামীকে আটকে রেখে সাগর নামে এক যুবক গৃহবধূকে ধর্ষণ করে বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষায় পাঠানো হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।



