রাজশাহীতে মখদুম ফাউন্ডেশনের দাতব্য চিকিৎসালয় ও লঙ্গরখানা উদ্বোধন

Printed Edition

রাজশাহী মহানগরীর হজরত শাহ মখদুম রূপোশ (রহ:) দরগাহ এস্টেটে ‘দি মখদুম ফাউন্ডেশন’র তত্ত্বাবধানে দাতব্য চিকিৎসালয়, মুসাফিরখানা ও লঙ্গরখানা উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় দরগাহ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেবামূলক প্রকল্পের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি মখদুম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা: মো: সুরায়েত রহমান রক্তিম আশরাফী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সবুর আলী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো: জুবায়ের হোসেন, ইসলামী ব্যাংক পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ফাউন্ডেশনের সহসভাপতি মো: মিজানুর রহমান মিজি, সাধারণ সম্পাদক ডা: মো: তাওহীদুল মজিদ তাওহীদ, ডা: মো: ইমরান খান এবং ডা: মো: কাবিদুল হাসান শুভসহ গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই দাতব্য চিকিৎসালয়ের মাধ্যমে সারা বছর অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে। এ ছাড়া উদ্বোধন উপলক্ষে আয়োজিত ফ্রি চক্ষুশিবিরে কয়েক শ’ রোগীর বিনামূল্যে ছানি পরীক্ষা ও অপারেশনের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ১৫ বছর ধরে দি মখদুম ফাউন্ডেশন শিক্ষা উপবৃত্তি, শীতবস্ত্র বিতরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও ধর্মীয় উৎসবগুলোতে দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণের মতো সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি।