ম্যাচ শেষে কেন হাতাহাতি

Printed Edition
ম্যাচ শেষে কেন হাতাহাতি
ম্যাচ শেষে কেন হাতাহাতি

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হারের হতাশা মাঠের শেষ বাঁশির পরও পিছু ছাড়েনি আর্জেন্টিনার! যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়! পরিস্থিতি সামাল দিতে দ্রুত হস্তক্ষেপ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ ও দুই দলের খেলোয়াড়রা।

ম্যাচের শেষ দিকে উত্তাপের আবহ তৈরি হলেও চূড়ান্ত বাঁশি বাজার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। স্পেনের খেলোয়াড়দের উদযাপনের সময় বার্সেলোনার দুই ফুটবলার এরিক ও গাভির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস। একপর্যায়ে এরিকের ঘাড়ে আঘাত করেন পারেদেস এবং ধাক্কাধাক্কির মধ্যে গাভিও মাটিতে পড়ে যান। এই ঘটনার জেরে রেফারি পারেদেসকে লাল কার্ড দেখান।

উত্তেজনাপূর্ণ সেই মুহূর্তে টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে নিকোলাস ওতামেন্দিকেও। স্পেনের মিডফিল্ডার রদ্রিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা তো সারা সপ্তাহ কান্নাকাটিই করেছে।’ ম্যাচ পরিচালনা নিয়ে আগে থেকে ওঠা কিছু অভিযোগ রেফারির সিদ্ধান্তে প্রভাব ফেলেছে- আর্জেন্টিনা শিবিরের এমন অসন্তোষ থেকেই ওতামেন্দির এই মন্তব্য। একই উত্তেজনার আবহেই সংঘর্ষে জড়িয়ে পড়েন পারেদেস।

আলমাদা গাভিকে শক্তভাবে জাপটে ধরে ফেলে দেন মাটিতে! এরপর গাভি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও সব ঠিক হতে কিছুটা সময় লেগেছে। কারণ তারপরই পারেদেস আবারো ধাক্কা দিয়ে দ্বিতীয়বারের মতো মাটিতে ফেলে দেন গাভিকে। ব্যস, তখন চারপাশ যেন রেসলিং রিং হয়ে যায়!

পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই দ্রুত নিয়ন্ত্রণে আনেন স্কালোনি ও তার স্টাফরা। পরে পদক গ্রহণের আগে মাঠে দাঁড়িয়ে প্রতিপক্ষ স্পেনের শিরোপা উদযাপন শান্তভাবেই দেখেন আর্জেন্টিনার খেলোয়াড়রা। উত্তেজনার মধ্যেও সংযমের বার্তা দিতে ভোলেননি আর্জেন্টিনা কোচ। দল ও ক্যামেরার উদ্দেশে স্কালোনি বলেন, ‘হারের মুহূর্তগুলোতেও আমাদের মহানুভবতার পরিচয় দিতে হবে।’

সাবেক ইংল্যান্ড গোলরক্ষক জো হার্টও আর্জেন্টিনার আচরণের সমালোচনা করেন। দ্য মিররকে তিনি বলেন, ‘বিরক্তিকর আচরণ। মাঠে একজন মানুষের মধ্যেই ভদ্রতা ছিল, তিনি লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি স্পেনের প্রতিটি খেলোয়াড়ের সাথে হাত মিলিয়েছেন। আজকের ম্যাচে আর্জেন্টিনার কোনো অভিযোগ করার সুযোগ নেই, জঘন্য আচরণ।’

বিশ্বকাপ ফাইনালে হার অবশ্যই যেকোনো দলের জন্য বেদনাদায়ক। কিন্তু সেই হতাশা যখন মাঠের ভেতর হাতাহাতিতে গড়ায়, তখন তা ম্যাচের সৌন্দর্যকে মøান করে দেয়। স্পেনের শিরোপা জয়ের রাতের উচ্ছ্বাসের পাশাপাশি তাই আলোচনায় উঠে এসেছে পারেদেসের এই অনাকাক্সিক্ষত আচরণও।

শেষ অব্দি যদিও পরিস্থিতি শান্ত হয়েছে! তবে কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক সিদ্ধান্ত জানানো হয়নি কোনো তরফ থেকেই।