বিবিসি
চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় গত বৃহস্পতিবার এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সংঘটিত এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বহুতল কারখানা ভবনটি থেকে তীব্র কালো ধোঁয়া বের হচ্ছে এবং জীবন বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নেয়া কর্মীরা ওপর থেকে সাহায্য চাচ্ছেন। বিশ্বের মোট ক্রীড়া জুতার প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদিত হওয়া ফুজিয়ানের এই শিল্প শহরে এই ঘটনার পর নেমে এসেছে শোকের ছায়া। চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির তথ্যমতে, অগ্নিকাণ্ডের পরপরই শত শত উদ্ধারকর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। সেখান থেকে এ পর্যন্ত দুই শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মোট আহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধান বলছে, ভবনের নিচতলায় যেখানে দাহ্য পদার্থ মজুদ রাখা হতো, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দুর্ঘটনার পরই কারখানার মালিকপক্ষের কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য ওই প্রতিষ্ঠানের সব ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। কারখানায় এই বিপুল প্রাণহানির ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এই দুর্ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করার নির্দেশ দেয়ার পাশাপাশি অবহেলাকারীদের কঠোর শাস্তির মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন।



