এআই উন্নয়নে প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা : শি জিনপিং

Printed Edition

এএফপি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়ন কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এআই প্রযুক্তির বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার সাংহাইয়ে শুরু হওয়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এআই সম্মেলন ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’ বা বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে শি জিনপিং আরো বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন কোনো একক দেশের একক অর্জন নয়, বরং এটি হওয়া উচিত সব দেশের সম্মিলিত সহযোগিতার ফল।’ তিনি বলেন, এআই খাতে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দেখা বা কোনো একটি দেশের নিরাপত্তাকে অন্য দেশের ওপর প্রাধান্য দেয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে চীনা প্রযুক্তি পণ্য ও উন্নত প্রযুক্তি আমদানির ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।

একইসাথে যুক্তরাষ্ট্রে উন্নত এআই প্রযুক্তির নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে সরকার এবং এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাম্প্রতিক মতবিরোধও প্রযুক্তির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে- সেই প্রশ্নও সামনে এনেছে। প্রযুক্তি বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘হ্যালো চায়না টেক’-এর গবেষক পো ঝাও বলেন, চীনের এআই শিল্পের ভবিষ্যৎ দিক বোঝার জন্য ডব্লিউএআইসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্ষিক আয়োজনগুলোর একটি। তিনি বলেন, উন্নত চিপ, অত্যাধুনিক কম্পিউটিং অবকাঠামো এবং বিপুল বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে রয়েছে। তবে চীন এ ক্ষেত্রে সবচেয়ে বড় ও বিস্তৃত প্রতিদ্বন্দ্বী।

চার দিনব্যাপী এই সম্মেলনে চীনের এক হাজারের বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, গবেষক ও শিল্পখাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।