ক্যারিয়ারের দুই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে মুখ খুললেন ইয়াশ

Printed Edition
ক্যারিয়ারের দুই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে মুখ খুললেন ইয়াশ
ক্যারিয়ারের দুই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে মুখ খুললেন ইয়াশ

বিনোদন প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় ও পরিচিত অভিনেতা ইয়াশ রোহান ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ে দাঁড়িয়ে আছেন। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত দু’টি নতুন ওয়েব সিরিজের ‘অ্যানি’ ও ‘হেডলাইন’ প্রথম ঝলক (টিজার) প্রকাশ্যে এসেছে। আর তাতেই দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছেন এই তরুণ অভিনেতা। দর্শকদের এমন ইতিবাচক প্রতিক্রিয়া ও প্র্রশংসায় উচ্ছ্বসিত ইয়াশ দু’টি সিরিজ নিয়েই বেশ আশাবাদী। তার মতে, এই দু’টি কাজই তার অভিনয় ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হতে যাচ্ছে। দুই সিরিজের গল্প নিয়ে ইয়াশ জানান, দর্শক একেবারেই ভিন্ন স্বাদের দু’টি গল্প দেখতে পাবেন। আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত ‘অ্যানি’ সিরিজে দেখা যাবে রহস্যময় ভাইরাসের থাবায় অবরুদ্ধ হয়ে পড়া এক সমাজের গল্প। অন্যদিকে, সালেহ সোবহান অনীমের পরিচালনায় ‘হেডলাইন’ গড়ে উঠেছে দুই সাংবাদিকের সত্য উদ্ঘাটনের রোমাঞ্চকর মিশন নিয়ে। সবসময় নিজেকে ‘নায়ক’ নয়; বরং একজন ‘অভিনেতা’ হিসেবে ভাবতেই পছন্দ করেন ইয়াশ। আর সেই তাগিদ থেকেই ‘অ্যানি’ সিরিজে নিজের চরিত্রের লুক ভাঙতে এক বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। ‘পাভেল’ নামের একটি রহস্যময় চরিত্রে মানিয়ে নিতে এবং চরিত্রের সঠিক রূপ ফুটিয়ে তুলতে টানা চার মাস ছোট পর্দার সব কাজ থেকে বিরতি নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি এই সিরিজের প্রথম দুই পর্বের ইংরেজি সাবটাইটেল করার নতুন এক অভিজ্ঞতাও অর্জন করেছেন তিনি। তবে গত ৯ জুন জার্মানির বিখ্যাত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ সিরিজটির প্রিমিয়ার হলেও ভিসা বা অন্যান্য জটিলতার কারণে পুরো টিমের কারো সেখানে যেতে না পারাটা বেশ দুঃখজনক ছিল বলে জানান তিনি। এদিকে আগামী ২৫ জুন ওটিটি প্ল্যাটফর্মে ‘হইচই’ মুক্তি পেতে যাচ্ছে ইয়াশের অন্য সিরিজ ‘হেডলাইন’। কাকতালীয়ভাবে এই সিরিজের জন্যও বেশ ভালো প্রস্তুতির সময় পেয়েছিলেন তিনি। শুটিংয়ের আগে পায়ের সমস্যার কারণে প্রায় এক মাস সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হয়েছিল তাকে। সেই অসুবিধাকেই সুযোগে রূপান্তর করে প্রায় দুই মাস শুধু এই সিরিজটি নিয়েই ডুবে ছিলেন তিনি। এই সিরিজে সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ।

‘হেডলাইন’ সিরিজে ছোট পর্দার বড় তারকা জিয়াউল ফারুক অপূর্বর সাথে স্ক্রিন শেয়ার করেছেন ইয়াশ। অপূর্বর সাথে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে তারা একসাথে ‘বুকের মধ্যে আগুন’ সিরিজে কাজ করেছিলেন। সহশিল্পী হিসেবে অপূর্বর ভূয়সী প্রশংসা করে ইয়াশ বলেন, অপূর্ব ভাইয়ের মতো এত হেল্পফুল ও ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে খুব কমই আছেন। শুটিংয়ের নানা কঠিন মুহূর্তে অপূর্ব তাকে দারুণভাবে সহযোগিতা করেছেন।