নয়া দিগন্ত ডেস্ক
শেরপুর, ফরিদপুর ও বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক সহকারী প্রিজাইডিং অফিসারসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৬। তাদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর।
শেরপুর প্রতিনিধি ও শ্রীবরদী সংবাদদাতা জানান, শেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে ভোটকেন্দ্রে আসার পথে মিনি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন ছয়জন। নিহতরা হলেন রোকনুজ্জামান রুকন (৩০) ও জামালপুর জেলার মাদারগঞ্জের বাসিন্দা মাহফুজা বেগম (২২)। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। রোকনুজ্জামান রুকন শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর ছিলেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা জানান, ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর ১০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সিসিপিএল পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম (৩৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বলাশুর গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে। অপর নিহতের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে প্রবেশ করার সময় সামনে থেকে আরেকটি বাস চলে এলে সেই গাড়িটিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে চাপা পড়ে দু’জন নিহত হন।
বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা জানান, বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন খন্দকার (৭০) নামে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝিড়া সেনা চেকপোস্ট থেকে প্রায় ৩০০ গজ দক্ষিণে মাঝিড়া মধ্যপাড়া এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি মকবুল হোসেনকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।



