দেশে সারের সঙ্কট নেই : কৃষি সচিব

Printed Edition

দেশে বর্তমানে সারের কোনো সঙ্কট নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো: সেলিম খান। কৃষক যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পান, সে জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল রোববার রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তা ও কৃষকদের সাথে মতবিনিময়কালে কৃষি সচিব এ কথা বলেন।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম এনডিসি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো: আব্দুর রহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

কৃষি সচিব বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো ও আয় বাড়াতে সরকার সারে ভর্তুকিসহ বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে লাভজনক করতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি কৃষকদের সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, ফসলের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় ও সময়ে সার প্রয়োগ করতে হবে। অতিরিক্ত সার ব্যবহারে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি মাটির গুণাগুণ নষ্ট হতে পারে।

সারের বাজারে অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোনো ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট সৃষ্টি, অবৈধ মজুদ বা অতিরিক্ত দামে সার বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সার ব্যবস্থাপনায় কোনো অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।

পরে কৃষি সচিব তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের কৃষক অহিদুল ইসলামের কমিউনিটি বেসড ভার্মিকম্পোস্ট খামার পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি।