ক্রেতা সেজে দোকানে চুরি, সিলেটে নারীসহ ৭ জন গ্রেফতার

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেট নগরের বিভিন্ন দোকানে ক্রেতা সেজে চুরির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত ৩২ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- আকাশ ওরফে আপন (৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), নাহিদ সিকদার (২৪), রোকেয়া বেগম (৫০) ও শুভরাজ দে (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি এয়ারপোর্ট থানার গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডের সাফওয়ান স্টোরে চুরির ঘটনা ঘটে। চক্রের নারী সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। এ সময় পুরুষ সদস্যরা বিভিন্ন পণ্যের দাম জানতে চেয়ে দোকানির দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখেন। সুযোগ বুঝে ক্যাশ বাক্স থেকে দুই লাখ ৩০ হাজার টাকা এবং প্রায় ২০ হাজার টাকার এমবি ও মিনিট কার্ড নিয়ে যান তারা।

একই চক্র গত ২৯ এপ্রিল সন্ধ্যায় নগরের মজুমদারী এলাকার ইরাম জেনারেল স্টোর থেকে আরো ৮৭ হাজার টাকা চুরি করে বলে অভিযোগ রয়েছে।

এ দু’টি ঘটনায় দায়ের করা মামলার তদন্তে পুলিশ চক্রটির সদস্যদের শনাক্ত করে এবং অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, চক্রটি সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের বিভিন্ন জেলায় শপিংমল, সুপারশপ ও খুচরা দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করত।

এসএমপির মিডিয়া কর্মকর্তা ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।