আবু সাঈদের কবর জিয়ারত

বিএনপির নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ মানবে না বিরোধী দল : নাহিদ ইসলাম

Printed Edition
রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের পর বক্তব্য রাখেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত
রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের পর বক্তব্য রাখেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত

রংপুর প্রতিনিধি ও ঢাবি প্রতিনিধি

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী সরকার ও বিরোধী দল একসাথে মিলে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বললেও বিরোধীদলীয় চিফ হুইপ বলেছেন, ‘বিএনপি’র নোট অব ডিসেন্টের আলোকে জুলাই সনদ মানা হবে না। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জের বাবনপুরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। এ সময় তার সাথে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, মিডিয়া সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনাসহ এনসিপি নেতৃবৃন্দ।

সরকারি ও বিরোধী দল মিলে একসাথে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে-মুক্তিযুদ্ধমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে নাহিদ ইসলামের কাছে জানতে চান সাংবাদিকরা। এ সময় তিনি বলেন, সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার বিরোধী দল হিসেবে দেখি না। আমরা দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু আমরা সে রকম কোনো আলামত সরকারের আচরণে দেখতে পাচ্ছি না।

সকালে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান বলেন, ‘আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝেমধ্যে যে মেঠো বক্তৃতা করেন সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য।

নাহিদ আরো বলেন, ‘আমাদের যেই গণ-আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান এবং বিপ্লবের দিকে যাত্রা, তার সূত্রপাত ঘটেছিল আবু সাঈদের শাহাদতবরণের মধ্য দিয়ে। আবু সাঈদ আমাদের শহীদদের ইমাম। এই জুলাই বিপ্লবের রূহানি নেতৃত্ব। আবু সাঈদ আমাদের সবার পূর্বসূরি। মুক্তির ও মন্দির সোপানো তলে যে হাজারো প্রাণ অকাতরে বলিদান হয়েছে সেই সকল প্রাণের অগ্রসেনানী ছিলেন আবু সাঈদ। ফলে আবু সাঈদের এই শাহাদতবরণকে আমরা আজকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা তার জন্য দোয়া করেছি।’

একই সাথে আন্দোলনে অংশ নেয়া শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক, নারী ও প্রবাসীদের অবদানের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, শহীদদের স্মরণ করার পাশাপাশি তাদের স্বপ্নের বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

নাহিদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের দাবি ছিল তিনটি। বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে কিন্তু বিচার, সংস্কার বাংলাদেশের জনগণ পায়নি এখনো। জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কয়েকটি মামলার রায় হলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। আপিল কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকর করার আহ্বান জানান তিনি।

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা এই দিনে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে স্মরণ করি, দোয়া করি এবং এই বাংলাদেশটাকে নতুন করে গড়ার একটা শপথ আমরা নিয়েছি। সেই শপথ যেন আমরা নিজেদের শক্তিশালীভাবে দীর্ঘ রাখতে পারি।

আখতার বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে জুলাই সনদের নোট অব ডিসেন্ট ব্যতীত গণভোটের রায়ের মধ্য দিয়ে যা কার্যকর করার কথা বলেছি। কিন্তু সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে চায় না।

এনসিপি নেতারা আবু সাঈদের মায়ের খোঁজ খবর নেন। পরে বাবুনপুর দারুস সালাম এতিমখানায় এতিমদের সাথে দোয়া ও মুনাজাতে অংশ নেন।