পাওনা টাকার জন্য ৯ মাসের শিশুকে অপহরণ

Printed Edition

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ৯ মাসের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগবেড় সিটি মার্কেট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে কাঞ্চন কৃষ্ণনগর এলাকার জলিল মিয়া একই এলাকার আশরাফুলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেন। এর মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার দুপুরে আশরাফুল ও সোনিয়া নামের এক নারী মিলে জলিল মিয়ার ৯ মাস বয়সী শিশুসন্তান ওয়াসিককে তার নানার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।

পরে বিকেলে অপহরণকারীরা বাগবেড় সিটি মার্কেটের একটি বিকাশের দোকানে গিয়ে বাকি ২৫ হাজার টাকা পাঠাতে বলেন। টাকা না দিলে শিশুকে ফেরত দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। বিকাশের দোকানদারের বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের জানান। পরে জনতা সোনিয়াকে আটক করে গণধোলাই দেয়। এ সময় আশরাফুল কৌশলে পালানোর চেষ্টা করলেও পরে দু’জনেই ধরা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের হেফাজতে নেয় এবং শিশুটিকে উদ্ধার করে মা-বাবার কাছে ফিরিয়ে দেয়।

রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে এই অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুটির মা ঝর্ণা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।