বিনোদন প্রতিবেদক
বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এবার নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিলেন। দু’দিন আগে তিনি আলামিন জমাদ্দার সবুজের লেখা ও জীবন ওয়াসিফের সুর সঙ্গীতে নতুন একটি গানে কণ্ঠ দিলেন। এই গানে সাবিনা ইয়াসমিনের সহশিল্পী হিসেবে আছেন সালমান রাজ, যিনি একসময় সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এবং তিনি মূলত বাংলাদেশের প্লে-ব্যাক সম্রাট অ্যান্ড্রুু কিশোরের গানগুলোই কাভার করে থাকেন। গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, ‘গানটির সুর খুব ভালো হয়েছে। আমিতো সবসময়ই নতুনদের সাথে কাজ করতে আগ্রহী। সেই ধারাবাহিকতায় এই গানটিও আমি নতুন শিল্পী সালমানের সাথে গাইলাম। ও খুব ভালো গায়। এই গানটিও আমার সাথে বেশ ভালো গেয়েছে। গানটি যখন আমাকে গাইতে বলার জন্য অনুরোধ করা হলো তখন আমি বললাম যে ঠিক আছে আগে গানটি পাঠাও, আমি শুনি। তারপর বলব কী করা যায়। যখন গানটি শুনলাম সত্যিই আমার কাছে ভীষণ ভালোলাগল এবং অবশেষে গানটি গাইলাম। এই টিমের সবার জন্য আমার শুভ কামনা রইল, দোয়া রইল যেন তারা আরো ভালো ভালো গান দর্শককে উপহার দিতে পারে। তাদের নাম শুধু দেশেই না দেশের বাইরেও ছড়িয়ে পড়–ক।’ সাবিনা ইয়াসমিন জানান, শিগগিরই গানটি প্রকাশ পাবে একটি ইউটিউব চ্যানেলে।



