নবীন চৌধুরী ধামরাই (ঢাকা)
ঢাকার ধামরাইয়ে মাত্র ৩০০ মিটার সড়কের বেহাল দশায় আট বছরের বেশি সময় ধরে দুর্ভোগ পোহাচ্ছেন ১০টি ইউনিয়নের মানুষ। ঢাকা-আরিচা মহাসড়কের বাইপাস ধামরাই বাজার থেকে কালামপুর বাজার সড়কের আইঙ্গন এলাকায় সড়কটির অবস্থান। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইটের সলিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সামান্য বৃষ্টিতে পানি জমে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ইজিবাইক, প্রাইভেটকার, ট্রাক ও পোশাক শ্রমিক বহনকারী বাস চলাচল করে। সড়কটির বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি যাত্রীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, আইঙ্গন মোড় থেকে পশ্চিম আইঙ্গন পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় ২০১৮ সালে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কার্পেটিংয়ের ওপর ইটের সলিং করে মেরামত করে। কয়েক বছর যেতে না যেতেই ইটগুলো ভেঙে ও সরে গিয়ে সড়কটি আবারো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে বিভিন্ন স্থানে গর্ত ও উঁচুনিচু অংশ তৈরি হয়েছে। সড়কের পাশে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে থাকে। এই সড়ক দিয়ে সোমভাগ, কুল্লা, সুতিপাড়া, সানোড়া, কুশুরা, গাংগুটিয়া, বালিয়া, আমতা, চৌহাটসহ ১০টি ইউনিয়নের মানুষ উপজেলা পরিষদ, থানা, পৌরবাজার, ধামরাই সরকারি কলেজ ও আফাজ উদ্দিন কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন।
সানোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, উপজেলা পরিষদ ও থানায় যাতায়াতের সময় এই অংশ দিয়ে চলতে হয়। দ্রুত ইটের সলিং তুলে কার্পেটিং করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। বেহাল অবস্থার কারণে তাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধামরাই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, সড়কটি পৌর এলাকার মধ্যে হলেও এর দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। বিষয়টি মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
নয়ারহাট সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিক বলেন, আইঙ্গনের ৩০০ মিটার সড়ক কার্পেটিংয়ের জন্য শিগগিরই দরপত্রের মাধ্যমে কাজ শুরু করা হবে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশা করছেন তারা।



