চট্টগ্রাম ব্যুরো
জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শুধু ত্রাণ নিয়ে দাঁড়ালেই হবে না, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি, কৃষি ও জীবিকা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া সদর ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মধ্যে বিশেষ বরাদ্দের চাল বিতরণকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বন্যায় সাতকানিয়ার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে, কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বন্যার পানি কমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ শেষ হয়নি। তাই ত্রাণ বিতরণের পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা জরুরি।
শাহজাহান চৌধুরী বলেন, বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। কোনো অসহায় মানুষ যেন সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ বেলাল উদ্দিন, তামাকুণ্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ সাদেক হোসাইন, দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ডের সেক্রেটারি রিদওয়ানুল হক এবং ইউপি সদস্য আব্দুল মান্নান, মাহফুজুর রহমান, আব্দুস সবুর ও নাসির উদ্দিন। পরে শাহজাহান চৌধুরী টংকাবতী খালের বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় দক্ষিণ রূপকানিয়া ৯নং ওয়ার্ড, বারদোনা ৬নং ও ৮নং ওয়ার্ড এবং গারাংগিয়া ভাঙা ব্রিজ এলাকার ক্ষয়ক্ষতি সরেজমিন ঘুরে দেখেন।



