খালিয়াজুড়িতে অবৈধ বালু উত্তোলন ২ জনকে ১ লাখ টাকা জরিমানা

Printed Edition

খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুই ব্যক্তিকে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধার গ্রামের উত্তর-পূর্ব পাশের ধনু নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং খালিয়াজুড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন, কিশোরগঞ্জের নিকলী উপজেলার দৌলতপুর গ্রামের আবুল কাসেম (৪২) এবং মিঠামইন উপজেলার পুরান বগাদিয়া গ্রামের মাফিজুল মিয়া (২৪)।

ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযানকালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দু’টি মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেয়া হয়।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দীন বলেন, শুক্রবার তারা জরিমানার এক লাখ টাকা পরিশোধ করলে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।