ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করেছিল স্পেন। কিন্তু প্রথম ম্যাচেই আফ্রিকার দেশ নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ২০১০ আসরের চ্যাম্পিয়নদের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি লুইস দে লা ফুয়েন্তের দলকে। গ্রুপ পর্ব পেরিয়ে একে একে রাউন্ড অব ৩২, এরপর শেষ ষোলো পেরিয়ে কোয়ার্টার ফাইনাল। এই পথচলায় প্রতিপক্ষের জালে ৯ বার বল পাঠালেও নিজেদের জাল অক্ষত রেখেছিল লা রোজারা। আর এই কাজটি করেছিলেন গোলপোস্টের নিচে অতন্ত্র প্রহরী হিসেবে উনাই সিমন। অবশেষে ভেঙে চুরমার হলো গেল প্রাচীর। টানা ৬৫০ মিনিট কোনো গোল না খেয়ে টুর্নামেন্টের দীর্ঘতম ক্লিন শিটের অনন্য রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিশ প্রাচীর। তবে সেমিফাইনালে উঠার লড়াইয়ে গত পরশু বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে শেষ পর্যন্ত তার এই রেকর্ডের অবসান ঘটে।
ম্যাচের ৪১ মিনিটে টিমোথি কাস্তানের চমৎকার ক্রসে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান বেলজিয়ামের চার্লস ডি কেটেলিয়ার। এর মাধ্যমে ম্যাচে ১-১ ব্যবধানে সমতা ফেরে তারা। বেলজিয়ামই চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে স্পেনের জালে বল পাঠাতে সক্ষম হলো। যার ফলে স্পেনের টানা ছয়টি ম্যাচে ক্লিন শিট রাখার রেকর্ডটির সমাপ্তি ঘটল।



