গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাটির নিচ থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার হওয়া মাইনের মধ্যে ৭৯টি অ্যান্টি-পার্সোনেল মাইন ও ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন। সোমবার মধুগাড়ী নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব মাইন উদ্ধার করা হয়। পরে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট মাইনগুলো নিরাপদ স্থানে নিয়ে বিশেষ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করে। এরপর সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিট সেখানে গিয়ে মাইন উদ্ধারের কাজ শুরু করে। দীর্ঘদিন মাটির নিচে থাকা বিপুলসংখ্যক মাইন উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হলেও সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করার পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
সোমবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া গ্রামের মধুগাড়ী নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, যশোরের ৫৫ পদাতিক ডিভিশনের ৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বম্ব ডিসপোজাল ইউনিট এ অভিযান পরিচালনা করে।



