নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে শনিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করে ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালীতে মারা গেছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৬ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৪ শিশুর, আর উপসর্গ মিলেছে ৭০২ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৬০ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ১০ হাজার ৬০১ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৪১০ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ২৪ হাজার ১১ শিশু।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩ হাজার ৪৯১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৮৯ হাজার ৭৬২ জন।
সিলেটে হাম ও উপসগে শিশুর প্রাণ : মৃত্যু বেড়ে ৯১
সিলেট ব্যুরো : সিলেটে থামছেনা হামে ও উপসর্গে মৃত্যু। সিলেট বিভাগে নতুন করে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১০ মাসের শিশু শাহিনুর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ জনে।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৩ জন।
গতকাল এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: আলম।



