ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে আগেই ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপে ২৭ জন নারী ক্রিকেটার ছিলেন এই ক্যাম্পে। তবে দ্বিতীয় ধাপে দল ছোট হয়ে ২১ জনে এলে সেখানে জায়গা হয়নি ইশমা তানজিমের। আর সেই ক্যাম্পে সুযোগ না পেয়ে হতাশা থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইশমা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছে তারা এ বিষয়ে অবগত নয়। মূলত ফিটনেস ইস্যুতেই ইশমা ক্যাম্পে নেই। শোকজ করা হবে ওই ক্রিকেটারকে।
ইশমা বলেছেন, ‘আমি ৯৯ শতাংশ ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে দল থেকে বাদ দেয়া হয়েছে। আমি নাকি পরের ক্যাম্পের জন্য ফিট না। শুধু এমনটা এবার হয়েছে তা কিন্তু নয়। ২০২৪ থেকে নানান কারণে হতাশা তৈরি হয়েছে। আমাকে রথ্যাগিং পর্যন্ত করা হতো।’
জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-২০ খেলা ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার বলেছেন, ‘আমাকে দল থেকে বাদ দেয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। যদি এমন হয় তাহলে আমি ক্যাম্পে ওয়ানডে ও টি-২০ ম্যাচ কীভাবে খেললাম। ইনজুরি তো এক শতাংশের মতো। এটা দ্রুত সুস্থ হওয়ার পথে।’



