আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
সৌদি আরবের রিয়াদে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার সাত শ্রমিকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে কফিনগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। গত বৃহস্পতিবার মধ্যরাতে লাশগুলো আত্রাইয়ে এসে পৌঁছায়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নামাজে জানাজায় নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। সকালে লাশবাহী গাড়ি কলেজ মাঠে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। একনজর দেখতে সেখানে ভিড় জমান হাজারো মানুষ।
নিহতরা হলেন- পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল সরদার (৪৫), ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সোহেল রানা সুমন (২৫), গন্ডগোহালি গ্রামের গোফফার রহমানের দুই ছেলে মোহন আলী (৩০) ও সুমন (২৭), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩১), বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৮) এবং উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে ফরিদ শেখ (৩৫)।
গত ৯ আগস্ট সন্ধ্যায় রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে ১৬ জন রেমিট্যান্স যোদ্ধা মারা যান, যাদের ১১ জনই ছিলেন আত্রাই উপজেলার বাসিন্দা।



