উজিরপুর (বরিশাল) সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঘন্টেশ্বর গ্রামের ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী গঙ্গা-বিষ্ণু, শিব, কালী, নারায়ণ ও অন্নপূর্ণা মন্দিরের পরিচালনা কমিটি, আয়-ব্যয়ের হিসাব ও ভোগদখলীয় জমি নিয়ে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে এসেছে। জমি দখল ও গাছ কাটার অভিযোগ এনে এক পক্ষ উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে বর্তমান পরিচালনা কমিটি অভিযোগ অস্বীকার করেছে।
মন্দির পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বরুণ দাস অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বর্তমান কমিটির সভাপতি পলাশ কুণ্ড, সাধারণ সম্পাদক তপন মিত্রসহ কয়েকজন মন্দিরের ভোগদখলীয় জমিতে গাছ কেটে জমি দখলের চেষ্টা করেন।
তবে সভাপতি পলাশ কুণ্ড দাবি করেন, জমি দখল বা অবৈধভাবে গাছ কাটার ঘটনা ঘটেনি। আগের কমিটির আয়-ব্যয়ের হিসাব ও সরকারি অনুদানের হিসাব চাওয়াকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সরেজমিন দেখা যায়, মন্দিরসংলগ্ন সরকারি রাস্তা ও খালের মাঝখানে একটি খালি জমি রয়েছে।



