একাদশে ভর্তি আবেদন শুরু কাল

সিলেটে আসন ৩ গুণ তবুও লড়াই পছন্দের কলেজ নিয়ে

Printed Edition

সিলেট ব্যুরো

সিলেটে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কলেজ উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় তিনগুণ আসন রয়েছে। চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। বিপরীতে ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণীতে আসন রয়েছে এক লাখ ৪৩ হাজার ২৬০টি। অর্থাৎ সব উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তি হলেও প্রায় ৯১ হাজার আসন খালি থেকে যাবে।

এদিকে আসনের পাহাড় থাকলেও পছন্দের ও মানসম্মত কলেজে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের এবারো প্রতিযোগিতায় নামতে হবে। কারণ সিলেট বিভাগের প্রতিষ্ঠিত সরকারি, ক্যান্টনমেন্ট ও বহুল চাহিদাসম্পন্ন কলেজগুলোতে আসন তুলনামূলকভাবে সীমিত। ভালো ফল করা বিপুলসংখ্যক শিক্ষার্থী একই প্রতিষ্ঠানকে পছন্দক্রমে রাখায় সেগুলোতে ভর্তির চাপ তৈরি হয়। ফলে সামগ্রিকভাবে আসনের সঙ্কট না থাকলেও কাক্সিক্ষত কলেজ ও বিভাগে জায়গা পাওয়া নিয়ে উদ্বেগে থাকবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

আগামী ২ সেপ্টেম্বর থেকে সারা দেশের মতো সিলেটেও একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। সব প্রক্রিয়া শেষে ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস।

৩৪৮ কলেজে ১ লাখ ৪৩ হাজার আসন

সিলেট শিক্ষা বোর্ডের তথ্য

অনুযায়ী, চলতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ৩৪৮টি কলেজে বাংলা ও ইংরেজি ভার্সন মিলিয়ে এক লাখ ৪৩ হাজার ২৬০টি আসন রয়েছে। এর মধ্যে মানবিক বিভাগে ৭৬ হাজার ৮৫৫টি, বিজ্ঞান বিভাগে ২৬ হাজার ৪৯৫টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৫০৫টি আসন রয়েছে।

চলতি বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ৮৯ হাজার ৭৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৫১ হাজার ৯৫৭ জন। এর মধ্যে ছেলে ১৯ হাজার ৮৮৯ এবং মেয়ে ৩২ হাজার ৬৮ জন। জিপিএ ৫ পেয়েছেন তিন হাজার ৮৩৬ জন।