রুয়েটে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Printed Edition

আলোচনা সভা, মানববন্ধন, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল, ‘জলবায়ু পরিবর্তন : আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। গতকাল শুক্রবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ ফোরাম’-এর উদ্যোগে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সহযোগী হিসেবে ছিল বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ), রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালকের দফতর, মিশন গ্রীন এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আব্দুল কাদের জিলানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জীববৈচিত্র্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ডা: বি. কে. দাম, অধ্যাপক ড. মো: জালাল উদ্দিন সরদার, রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মাঈনুল ইসলাম এবং বিবিসিএফের সভাপতি ড. নাসির উদ্দিন। জেড এইচ এম মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। সঞ্চালনা করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন, মানববন্ধনে অংশ নেন এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে প্রায় ৩০০টি ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করেন। বিজ্ঞপ্তি।