মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
মহেশখালীর ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশের অভিযানে আটটি অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
গতকাল দুপুরে মহেশখালী থানা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা পুলিশ সুপার মিডিয়া ফোকাল পয়েন্ট মো: অহিদুর রহমান জানান, গতকাল রাত সোয়া ৯টায় উপজেলার ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশ চেকপোস্ট একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে একটি ট্র্যাভেল ব্যাগের ভেতর থেকে আটটি অস্ত্র উদ্ধার ও জব্দ এবং জড়িত দুইজন ব্যক্তিকে সিএনজি থেকে আটক করা হয়। আটককৃতরা হলো চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরের হরিনখাইন দীঘিরপাড় এলাকার মোতাহের হোসেনের পুত্র মো: রুবেল মিয়া ও মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দে’র পুত্র মানিক দে। সিএনজি গাড়ি থেকে উদ্ধার ও জব্দকৃত অস্ত্র হলো দেশীয় তৈরি রাইফেল দুইটি, দেশীয় তৈরি একনলা বন্দুক পাঁচটি ও এলজি একটি। সর্বমোট আটটি অস্ত্র।



